
ইতালির সাবেক স্বৈরশাসক বেনিতো মুসোলিনির প্রপৌত্র (নাতির ছেলে) রোমানো ফ্লোরিয়ানি মুসোলিনি লাৎসিওর হয়ে নিজের প্রথম গোল করেছেন। তার নামেও রয়েছে ‘বেনিতো’ অংশটি। যদিও জার্সির পেছনে লেখেন ‘রোমানো’। তবে ইতালিয়ান এই স্বৈরশাসকের বংশধর রাজনীতি নিয়ে অনাগ্রহী বলে জানিয়েছেন।
গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার সাসুওলোর বিপক্ষে সিরি আ-তে লাৎসিওর ৬-২ গোলের বড় জয়ের ম্যাচে তৃতীয় গোলটি করেন। যদিও প্রথমে গোল উদযাপন করতে পারেননি রোমানো মুসোলিনি। অফসাইডের পতাকা ওঠায় থেমে যেতে হয়েছিল। তবে ভিডিও রিভিউয়ে গোলটি বৈধ ঘোষিত হলে ঠিকই উদ্যাপনে মাতেন।

রোমানো মুসোলিনি লাৎসিওর একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়। গতকালই তিনি ইতালির শীর্ষ ফুটবল লিগে এটি প্রথম গোলটি করেছেন। তবে পেশাদার ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় গোল। এর আগে ২০২৪ সালে দ্বিতীয় বিভাগের ক্লাব জুভে স্তাবিয়ায় ধারে খেলতে গিয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন রোমানো মুসোলিনি।
তার পুরো নাম রোমানো বেনিতো ফ্লোরিয়ানি মুসোলিনি। মায়ের সূত্রে তিনি বেনিতো মুসোলিনির বংশধর। তবে রাজনীতি নিয়ে তার কোনো আগ্রহ নেই বলে প্রকাশ্যেই জানিয়েছেন রোমানো।
প্রসঙ্গত, বেনিতো এমিলকেয়ার আন্দ্রেয়া মুসোলিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির সর্বাধিনায়ক। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইতালির রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে তিনি ১৯২২ থেকে ১৯২৫ সালের মধ্যে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে ধাপে ধাপে ক্ষমতা কুক্ষিগত করে হয়ে ওঠেন ইতালির স্বৈরশাসক (ইল দুচে)।