
মবারের মতো ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এর এশিয়া পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশও। সেই লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ভয়েস অব বাংলাদেশ’। এতে চ্যাম্পিয়ন হয়েছে গানের দল ‘বিটমোস্ফিয়ার’। ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র গ্র্যান্ড ফিনালে পর্বে বাংলাদেশের হয়ে লড়বে তারা।
বিটবক্সিংভিত্তিক অ্যাকাপেলা ব্যান্ড ‘বিটমোস্ফিয়ার’। দলটি তাদের ‘তুমি এলে’ গানের জন্য শিরোপা জিতে নিয়েছে। ফলে প্রথম ‘ভয়েস অব বাংলাদেশ’ হলো এই দল। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে জমকালো আয়োজনে তাদের হাতে ট্রফি তুলে দেন আয়োজক প্রতিষ্ঠান বঙ্গ-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আহাদ মোহাম্মদ, সিইও ফায়াজ তাহের ও এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন।
ফাইনাল পর্বে সেরা ১০ প্রতিযোগী পারফর্ম করেছিলেন। ‘বিটমোস্ফিয়ার’ ছাড়া বাকি শিল্পী-ব্যান্ডগুলো হলো কৃষাণ বর্মণ, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনাজীর জিলানী, শরৎ, নুসরাত জাহান কৃতি, ভিন্টেজ থিওরি ও দ্য কুশিয়ারা ওয়েভস। এছাড়া সিঁথি সাহার একটি পরিবেশনা আলাদা মাত্রা যোগ করে অনুষ্ঠানে। গেয়েছেন ‘নেমেসিস’ ব্যান্ডের জোহাদও।
গ্র্যান্ড ফিনালেতে বিচারক ছিলেন বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, হামিন আহমেদ, আঁখি আলমগীর, ও শওকত আলী ইমন। সঞ্চালনায় ছিলেন তাহসান খান।
১৪ নভেম্বর ব্যাংককে অনুষ্ঠিত হবে ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র গ্র্যান্ড ফিনালে। সেখানে অংশ নেবে ‘বিটমোস্ফিয়ার’।
কেআই