
যুগ পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আর্বিভাব তিথি উপলক্ষে কক্সবাজারে অবস্থান করছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র,সাংঘাধ্যক্ষ প্রতিনিধি শ্রী বিনায়ক চক্রবর্তী।
তিনি পূণ্যতিথি তালনবমী উপলক্ষে ১৯ ও ২০ সেপ্টেম্বর রোজ শনি ও রবিবার কক্সবাজার গোলদীঘির পাড়স্থ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ফাউন্ডেশন মন্দিরে আয়োজিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম আর্বিভাব মহোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্টানমালায় অংশগ্রহণ করবেন। এছাড়াও জেলার সৎসঙ্গের অনুরাগী ভক্তদের মাঝে ঠাকুরের সৎনামে দীক্ষাদান করবেন। এছাড়া ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ধর্মসভায় দেশ ও জাতির কল্যাণে আর্শীবাদক হিসেবে তিনি ধর্মদেশনা প্রদান করবেন।
পূণ্যতিথি তালনবমী উপলক্ষে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছে কক্সবাজার জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন। কক্সবাজার জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজিব কর্মকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় তালনবমী তিথি পালিত হবে। এই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং কক্সবাজারের প্রত্যেকটি উপজেলা থেকে সৎসঙ্গ ভাবাদর্শে বিশ্বাসী ভক্তদের মিলনমেলা বসবে।
এই উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রতিদিন প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম দিন যুব সম্মেলন,মাতৃ সম্মেলন এবং ২য় দিন মাঙ্গলিক শোভাযাত্রা মহতি ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্টান সহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিলাষ ধর।
উৎসব উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সিদুল কান্তি দে জানান, শ্রী শ্রী ঠাকুরের আর্বিভাব উৎসব উদযাপন উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হবে।
#সৎসঙ্গ #কক্সবাজার #সৎসঙ্গ #কক্সবাজার
Reply