October 29, 2026, 1:51 am
শিরোনাম :
ডিএসসিসির উচ্ছেদ অভিযান, শতাধিক অবৈধ অবকাঠামো উচ্ছেদসহ মালামাল জব্দ সব সম্পদের বিনিময়ে মুক্তি চান মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযুক্ত শিক্ষক সাগর এনসিপির জেলা থেকে ওয়ার্ড কমিটিতে থাকতে পারবেন না চলমান শিক্ষার্থীরা কাবা শরীফে পৃথক জামাতের প্রচলন বন্ধ করে এক ইমামের পেছনে নামাজের ১০০ বছর মিরপুরে আলোকস্বল্পতায় বন্ধ খেলা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমাতে চায় সরকার : প্রতিমন্ত্রী নেতানিয়াহুকে হটাতে আরব ইসরায়েলিদের সঙ্গে জোট করার আহ্বান বিরোধী নেতার চট্টগ্রামে দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোক স্টুডিওর বিশেষ প্রতিযোগিতা সেনাবাহিনী মোতায়েন ও ইউএনও প্রত্যাহারসহ চার দাবি ১১ দলীয় জোটের

লঞ্চ থেকে নামার সময় মেঘনায় পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিউজ ডেস্ক
লঞ্চ থেকে নামার সময় মেঘনায় পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে নৌ পুলিশ ও থানা পুলিশ।

এ ঘটনায় এমভি মুকবিল-২ লঞ্চ ও এর দুই স্টাফকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা এমভি মুকবিল-২ ষাটনল লঞ্চঘাটে এসে ভেড়ে। এ সময় যাত্রীরা লঞ্চ থেকে নামছিলেন। ওই যুবকও লঞ্চ থেকে নামেন। ঘাটে নামার পর তার মনে পড়ে, ব্যাগটি লঞ্চের ভেতরে রয়ে গেছে। ব্যাগ আনতে তিনি আবার লঞ্চে ওঠেন।

 

 

এরপর দ্বিতীয়বার লঞ্চ থেকে নামার সময় বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি নামার প্রস্তুতি নেয়ার সময় লঞ্চটি হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে। এ সময় তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে মেঘনা নদীতে পড়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

 

ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি দ্রুত ষাটনল ঘাট ছেড়ে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি আটক করেন। একই সঙ্গে লঞ্চের দুই স্টাফকেও আটক করা হয়।

 

 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি মোহনপুরের দিকে চলে যায়। পরে লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

এ দিকে যুবকটি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় লোকজন। পরে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় লোকজনও অভিযানে সহযোগিতা করছেন।

 

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, নিখোঁজ যুবকের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে। এখনও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

 

পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের পরিচয় শনাক্তের পাশাপাশি তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। লঞ্চটি কীভাবে ঘাট ছাড়ার সময় পেছনের দিকে চলতে শুরু করল এবং ওই সময় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।