
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে ওই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।’
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
জানা যায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে পৌঁছালে পুলিশ সদস্যরা মোটরসাইকেল দিয়ে ট্রাকটির গতি রোধ করেন।
ট্রাকচালক নাছিরের অভিযোগ, তাকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয় এবং ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়। ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
পুলিশ জানায়, ইয়াবা লুটের এই ঘটনায় প্রাথমিক সত্যতার ভিত্তিতে তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।